ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (২১ থেকে ২৫ ডিসেম্বর) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ সময়ে ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। এদিকে বিদায়ী সপ্তাহে উভয় পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৩০৪ কোটি ৫০ লাখ টাকা। গতকাল শনিবার ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫২ দশমিক ১৬ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৮৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২২ দশমিক ৬৯ পয়েন্ট বা ১ দশমিক ২২ শতাংশ বেড়ে ১ হাজার ৮৮২ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ৭ দশমিক ৮৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ বেড়ে ১ হাজার ৮ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ৮ দশমিক শূন্য ৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৫১ দশমিক ৩৬ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৮৭৩ কোটি ৪১ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৫ হাজার ৮৬৬ কোটি ৫৮ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬ কোটি ৮২ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১ হাজার ৪৩৪ কোটি ৬৭ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৪৯ কোটি ৫৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১১৪ কোটি ৮৭ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৬৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৪১টির, দর কমেছে ১০১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৪টির। তবে লেনদেন হয়নি ২৭টির।
