ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজ বসতঘরের আগুনে পুড়ে মো.আলমগীর নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় আগুনে বসতঘরটি পুড়ে যায় বলে জানিয়েছে মৃতের পরিবার। উপজেলার আদর্শ গুড়িগ্রাম পূর্বপাড়ায় শনিবার (২৭ ডিসেম্বর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত মো. আলমগীর (৬০) ওই এলাকার প্রয়াত রশিদ মিয়ার ছেলে।
মৃতের পরিবার জানায়, আলমগীর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার রাতে হঠাৎ করে তার বসতঘরে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সময় আলমগীর ঘরের ভিতরে আটকা পড়েন। ঘরের লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভানো সম্ভব হলেও ঘরের ভিতরে আটকা পড়া আলমগীরকে উদ্ধার করতে পারেননি, দগ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, মৃতের পরিবারের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তা করা হবে।
