মুন্সীগঞ্জের সিরাজদীখান বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৮টি দোকান। গত শনিবার মধ্যরাতে জেলার সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজারে এ অগ্নিকা- হয়। ক্ষতিগ্রস্ত দোকানিরা আগুনে তাদের ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন। সিরাজদীখান ও টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিস দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজারের দোকানিরা জানান, রাত সাড়ে ১২টার দিকে বাজারের কাঠপট্টির একটি মুদি দোকানে প্রথমে আগুন দেখতে পান। পরে পার্শ্ববর্তী দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে মুদি ডেকোরেটর, চা স্টল, হার্ডওয়্যার ও কাঠের দোকান পুড়ে ছাই হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক টঙ্গীবাড়ী ও সিরাজদীখান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বাজারে ছুটে যায়। রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে দোকানিরা ৮০ লাখ টাকার ক্ষতির দাবি করলেও ফায়ার সার্ভিস এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেনি।
