মেঘনায় ২ লঞ্চের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ এএম

চাঁদপুরের হাইমচরে গত বৃহস্পতিবার রাতে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় ৮ জন নামীয় ও অজ্ঞাতনামা ১০ জনসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ ঘটনায় গ্রেপ্তার অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের চার কর্মচারী মিন্টু, সোহেল, মহিন হাওলাদার ও মনিরুজ্জামানকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত শনিবার রাতে হাইমচর থানায় বাদী হয়ে মামলা করেন বিআইডব্লিউটিএ চাঁদপুর নদী বন্দরের উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য।

হাইমচর থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, বিআইডব্লিউটিএ চাঁদপুর নদী বন্দরের পক্ষে করা মামলাটি তদন্ত ও পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে নৌ-পুলিশ।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের গ্রেপ্তার চার আসামিকে ঝালকাঠি থেকে গতকাল চাঁদপুর নৌ-থানায় আনা হয়। গতকাল তাদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত