কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তিন নারীসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ডের এ আদেশ দেন। যাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তারা হলেন, মাদ্রাসার পরিচালক আল আমিনের স্ত্রী আছিয়া বেগম (২৮), তার বড় ভাইয়ের স্ত্রী ইয়াসমিন আক্তার (৩০), আসমানী খাতুন (৩৪), শাহীন ওরফে আবু বকর (৩২), আমিনুর ওরফে দর্জি আমিন (৫০) ও শাফিয়ার রহমান ফকির (৩৬)। আসামিদের মধ্যে তিন নারীকে তিন দিন করে এবং অন্য আসামিদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই (উপপরিদর্শক) জহিরুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামিদের রিমান্ডের আবেদন করেন। গত শুক্রবার সকাল ১০টার পরে কেরানীগঞ্জে উম্মাল কুরা ইন্টারন্যাশনাল নামে ওই মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মাদ্রাসার দুটো কক্ষের পাশের দেয়ালগুলো ধসে পরে। শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। বিস্ফোরণে বিধ্বস্ত হওয়া মাদ্রাসাটি থেকে বিস্ফোরকসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের তথ্য জানায় পুলিশ। বিস্ফোরণের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জে থানার এসআই মো. লিটন সন্ত্রাসীবিরোধী আইনে বাদী হয়ে একটি মামলা করেন।
