বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ পিএম

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে ও বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারের নেতৃত্বে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়।

এর আগে দুপুর আড়াইটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জানান তালুকদার জানান, বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। তবে হাইকমান্ডের সিদ্ধান্তে আরও একজন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আমাদের বগুড়ার সন্তান, বগুড়ার অহংকার, আমাদের গর্ব। তিনি দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। প্রবাস থেকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন। বগুড়া-৬ আসনে তারেক রহমান নির্বাচন করবেন। খুব তাড়াতাড়ি তিনি বগুড়ায় আসবেন। সেদিন তাকে গণসংবর্ধনা দেওয়া হবে। বগুড়া মানুষ তারেক রহমানের জন্য অধীর আগ্রহে বসে আছে।

এসময় তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল

এদিন বিকেলে একই স্থানে বগুড়া-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম ও বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোশারফ হোসেন মনোনয়ন পত্র দাখিল করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত