মানবতাবিরোধী অপরাধ

সাতজনকে হাজিরে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ এএম

গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল মঙ্গলবার এ আদেশ দেয় ট্রাইব্যুনাল। মামলার অন্য ছয় আসামি হলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। পলাতক এ সাত আসামিকে ৮ জানুয়ারির মধ্যে হাজির হতে বলা হয়েছে। আর এই সময়ের মধ্যে হাজিরা না হলে তাদের অনুপস্থিতিতে বিচারকাজ চলবে বলে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

গত ১৮ ডিসেম্বর সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক এ আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করে ২৯ ডিসেম্বর তাদের হাজির করতে নির্দেশ দেয়। ২৯ ডিসেম্বরের মধ্যে কোনো আসামি গ্রেপ্তার না হওয়ার বিষয়টি ওই দিন ট্রাইব্যুনালকে অবহিত করে প্রসিকিউশন। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানিতে আসে। ট্রাইব্যুনালের আদেশের বরাতে প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান গতকাল সাংবাদিকদের বলেন, ওবায়দুল কাদেরসহ সাত পলাতক আসামিকে ৮ জানুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে আসামিরা হাজির না হলে, তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত