উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, মুক্তিযুদ্ধকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি এবং টঙ্ক আন্দোলনের মহানায়ক কমরেড মণি সিংহের ৩৫তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
গতকাল বুধবার রাজধানীর পোস্তগোলায় কমরেড মণি সিংহ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিপিবি কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটি, সূত্রাপুর ও কদমতলী থানা কমিটি, গে-ারিয়া থানা ও বিভিন্ন ওয়ার্ড শাখাসহ দল ও সহযোগী সংগঠনের নেতারা। এ ছাড়া শ্রদ্ধা জানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ
কৃষক সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
শ্রদ্ধাঞ্জলি শেষে সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বি খানের সঞ্চালনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিপিবির সভাপতি কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন, কৃষক সমিতির সহকারী সাধারণ সম্পাদক কমরেড জাহিদ হোসেন খান, সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা সভাপতি কমরেড সাইফুল ইসলাম সমীর এবং কদমতলী থানা কমিটির সভাপতি ফিরোজ আলম মামুন।
বক্তারা বলেন, কমরেড মণি সিংহ মার্ক্সবাদ-লেনিনবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজীবন শোষিত ও নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছিলেন। কৃষক ও শ্রমিক আন্দোলনে তার নেতৃত্ব ছিল আপসহীন ও প্রেরণাদায়ী।
স্মরণসভা শেষে সমবেত কণ্ঠে ‘কমিউনিস্ট ইন্টারন্যাশনাল’ পরিবেশনের মাধ্যমে কমরেড মণি সিংহের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
