খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় শূন্যতা : মোদি

৬ দেশের মন্ত্রী-স্পিকার ঢাকায়

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৮:০১ এএম

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিরল দৃঢ়সংকল্প ও প্রত্যয়ী নেতা হিসেবে অভিহিত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার মৃত্যুতে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।

খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল বুধবার ঢাকায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে চিঠিটি হস্তান্তর করেন।

নরেন্দ্র মোদি চিঠিতে বলেন, খালেদা যে দৃষ্টিভঙ্গি ধারণ করতেন ও যে উদাহরণ তৈরি করে গেছেন, তা দুই দেশের মধ্যে অংশীদারত্বের সম্পর্কের নতুন সূচনার জন্য পথ দেখাবে।

মোদি চিঠিতে ২০১৫ সালে ঢাকায় তার সফরের সময় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, শোকের এ সময় বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ঐতিহ্য ও দৃঢ় জাতীয় ঐক্য গড়ে শান্তির পথে এগোবেন।

তারেক রহমানের সঙ্গে জয়শঙ্করের সাক্ষাতের সময় ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ও ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন। রিয়াজ হামিদুল্লাহ এক এক্স-পোস্টে বলেন, জয়শঙ্কর গণতন্ত্রে খালেদা জিয়ার অবদানের কথা স্বীকার করেন। জয়শঙ্কর আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক জোরদার হবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুঙ্গেল, শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিথা হেরাথ, মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নমন্ত্রী ড. আলি হায়দার আহমেদ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য গতকাল ঢাকায় আসেন।

তারা জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সে তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করে সমবেদনা জানান। তারেক রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমানসহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বিদেশি অতিথিদের সঙ্গে মতবিনিময় করেন।

পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একপর্যায়ে নিজেদের মধ্যে শুভেচ্ছাবিনিময় করেন।

এ ছাড়া, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত জাতীয় শোক দিবসের প্রথম দিন গতকাল ঢাকায় বিভিন্ন বিদেশি দূতাবাস নিজ নিজ দেশের জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শ্রদ্ধা প্রদর্শন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত