শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে দেশটির বিভিন্ন এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূলের কাছে। ভূপৃষ্ঠের প্রায় ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল অবস্থান করছিল।
সমুদ্র উপকূলবর্তী এলাকায় উৎপত্তি হলেও এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পের ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
চলতি নভেম্বর ও ডিসেম্বর মাসে জাপানে এটি নিয়ে মোট চারটি ভূমিকম্পের ঘটনা ঘটল। এর আগে ৩০ নভেম্বর দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কিউশুর তোকারা দ্বীপে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৬ এবং ৪ দশমিক ৮।
এরপর ৮ ডিসেম্বর উত্তরাঞ্চলীয় প্রদেশ হনশুতে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়। ওই ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। সে সময় জাপানের আবহাওয়া দপ্তর সুনামি সতর্কতা জারি করলে উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে প্রায় ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।
ভৌগোলিক অবস্থানের কারণে জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটি প্রশান্ত মহাসাগরীয় প্যাসিফিক বেসিনের ‘আগ্নেয় মেখলা’ বা রিং অব ফায়ারের ওপর অবস্থিত। এ কারণেই জাপানে ঘন ঘন ভূমিকম্প ঘটে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বিশ্বে বছরে যত ভূমিকম্প হয়, তার প্রায় ২০ শতাংশই ঘটে জাপানে।
খালেদা জিয়ার শেষ যাত্রায় পাশে থাকার জন্য দেশবাসীকে ধন্যবাদ-কৃতজ্ঞতা
পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ল বালুর ট্রাক, নিহত ৪