খুলনা-১ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে স্বাক্ষর জালিয়াতি ও ভিন্ন এলাকার ভোটার হওয়ায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাইকালে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ১০ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর ১৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার।

যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- গণঅধিকার পরিষদের প্রার্থী জিএম রোকনুজ্জামান। তার প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়ায় প্রার্থীতা বাতিল করা হয়েছে। এছাড়া স্বাক্ষর জালিয়াতির কারণে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার এবং একই অভিযোগে অপর স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মন্ডলের প্রার্থীতা বাতিল হয়েছে।

বৈধ ঘোষিত হওয়া ১০ প্রার্থী হলেন, ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ, বিএনপির আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, বাংলাদেশ খেলাফত মজলিশের ফিরোজুল ইসলাম, জেএসডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনোরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায়, বাংলাদেশ সমঅধিকার পরিষদের সুব্রত মন্ডল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কিশোর কুমার রায়, ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায় ও জাতীয় পার্টির (জাপা) মো. জাহাঙ্গীর হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত