বিশ্বকাপজয়ী কোচও টিকতে পারলো না চেলসিতে

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম

অশান্ত এক মৌসুমের মাঝেই চেলসির প্রধান কোচের পদ ছাড়লেন এনজো মারেস্কা। ক্লাবের মালিকপক্ষ ও শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় বৃহস্পতিবার ইতালিয়ান এই কোচের সঙ্গে চেলসির বিচ্ছেদ হয় বলে জানা গেছে।

দ্বিতীয় মৌসুমের মাঝামাঝি সময়ে দায়িত্ব ছাড়লেন মারেস্কা। প্রথম মৌসুমে তাঁর অধীনে কনফারেন্স লিগ ও প্রথম ক্লাব বিশ্বকাপ জিতেছিল লন্ডনের ক্লাবটি। তবে চলতি মৌসুমে মাঠের ফল ও ভেতরের অস্থিরতা—দুটোই একসঙ্গে চাপ বাড়িয়েছিল কোচের ওপর।

গত মাসে মারেস্কা নিজেই জানিয়েছিলেন, চেলসিতে কাটানো ‘সবচেয়ে খারাপ’ ৪৮ ঘণ্টার মুখোমুখি হয়েছেন তিনি। সে সময় ক্লাব থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ার কথা বললেও নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করেননি।

বর্তমানে প্রিমিয়ার লিগে চেলসি পাঁচ নম্বরে থাকলেও শেষ সাত ম্যাচে তারা জিতেছে মাত্র একটি। যদিও ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে উঠেছে দলটি, যেখানে দুই লেগে তাদের প্রতিপক্ষ আর্সেনাল।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, “চারটি প্রতিযোগিতায় এখনও গুরুত্বপূর্ণ লক্ষ্য বাকি—এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়াও আছে। এনজো ও ক্লাব উভয়েই মনে করে, এই মুহূর্তে পরিবর্তনই দলকে সঠিক পথে ফেরানোর সেরা সুযোগ।”

মঙ্গলবার লিগে বোর্নমাউথের বিপক্ষে ঘরের মাঠে ২–২ গোলে ড্র করে চেলসি। পরের ম্যাচে রোববার তারা খেলবে লিগের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির মাঠে।

চেলসি আরও জানায়, মারেস্কার অধীনে অর্জিত সাফল্যগুলো ক্লাবের সাম্প্রতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এবং তাঁর অবদানের জন্য তারা কৃতজ্ঞ।

এ নিয়ে এই শতাব্দীতে ১৯ জন কোচ চেলসি ছাড়লেন

১. ক্লাউদিও রানিয়েরি
২. হোসে মরিনহো (প্রথম মেয়াদ)
৩. অ্যাভরাম গ্রান্ট
৪. লুইজ ফেলিপে স্কোলারি
৫. গাস হিডিঙ্ক (অন্তর্বর্তীকালীন)
৬. কার্লো আনচেলত্তি
৭. আন্দ্রে ভিলাস-বোয়াস
৮. রবার্তো দি মাত্তেও
৯. রাফায়েল বেনিতেজ (অন্তর্বর্তীকালীন)
১০. হোসে মরিনহো (দ্বিতীয় মেয়াদ)
১১. গাস হিডিঙ্ক (অন্তর্বর্তীকালীন, দ্বিতীয় মেয়াদ)
১২. আন্তোনিও কন্তে
১৩. মরিজিও সারি
১৪. ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড (প্রথম মেয়াদ)
১৫. টমাস টুখেল
১৬. গ্রাহাম পটার
১৭. ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড (অন্তর্বর্তীকালীন, দ্বিতীয় মেয়াদ)
১৮. মাউরিসিও পচেত্তিনো
১৯. এনজো মারেস্কা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত