স্বতন্ত্র প্রার্থীর সমর্থনকারী ভোটার মৃত ও বিদেশে

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৮:১০ এএম

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির দুই নেতা মীর সরফত আলী সপু ও মমিন আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে সমর্থনকারী ভোটারের তথ্যে গরমিল পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। একই আসনে বিএনপিসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এদিন বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থনকারী ১ শতাংশ ভোটারের তালিকায় গরমিল পাওয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মমিন আলীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এ প্রসঙ্গে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সাংবাদিকদের জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমর্থনকারী ১ শতাংশ ভোটারের তালিকা জমা দেওয়া হয়। সেখানে স্বতন্ত্র প্রার্থী মীর সরফত আলীর সপুর ১০ জন ভোটারের যাচাই-বাছাই করতে গিয়ে দেখা গেছে, একজন ভোটার মৃত ও অন্য আরেকজন ভোটার তিন বছর ধরে মালয়েশিয়ায় রয়েছেন। অন্য স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর সমর্থনকারী একজন ভোটার রয়েছেন দেশের বাইরে ও অন্য ভোটারকে পাওয়াই যায়নি। তাই তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত