ভারত উন্নতি করলে প্রতিবেশীরাও আমাদের সঙ্গে এগিয়ে যাবে: জয়শঙ্কর

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ পিএম

বাংলাদেশের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার বলেছেন, ভারত উন্নতি করলে প্রতিবেশী দেশগুলোরও অগ্রগতি হবে। একই সঙ্গে তিনি জানান, সুসম্পর্ক বজায় রাখতে নয়াদিল্লি বিনিয়োগ, সহায়তা করে এবং শেয়ার করে থাকে।

চেন্নাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি)-তে এক অনুষ্ঠানে আলোচনাকালে জয়শঙ্করের কাছে বাংলাদেশে চলমান অস্থিরতা এবং ভারতের প্রতিবেশী নীতি নিয়ে প্রশ্ন করা হয়।

ভারতের জ্যেষ্ঠ এই মন্ত্রী বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলো নানা ধরনের—কিছু দেশ ভারতের জন্য ভালো, আবার কিছু অন্তত ক্ষতিকর নয়। উল্লেখ্য, তিনি বুধবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় ভারতের প্রতিনিধিত্ব করতে ঢাকায় ছিলেন।

‘আপনার স্বাভাবিক প্রবৃত্তি হওয়া উচিত সদয় হওয়া, প্রতিবেশীকে সাহায্য করা—আর রাষ্ট্র হিসেবে আমরাও সেটাই করি। আমাদের চারপাশের প্রতিবেশীদের দিকে তাকালে দেখা যায়, যেখানে ভালো প্রতিবেশিতার অনুভূতি রয়েছে, সেখানে ভারত বিনিয়োগ করে, ভারত সহায়তা করে, ভারত শেয়ার করে,’ বলেন জয়শঙ্কর।

জয়শঙ্কর কোভিড মহামারি ও অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন সময়ে প্রতিবেশী দেশগুলোকে ভারতের সহায়তার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমাদের অধিকাংশ প্রতিবেশী প্রথম টিকা ভারত থেকেই পায়। কিছু প্রতিবেশী দেশ অত্যন্ত কঠিন সংকটের মধ্য দিয়ে গেছে। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ শ্রীলঙ্কা। আইএমএফের সঙ্গে তাদের আলোচনা যখন খুব ধীরগতিতে চলছিল, তখনই আমরা ৪ বিলিয়ন মার্কিন ডলারের একটি সহায়তা প্যাকেজ নিয়ে এগিয়ে আসি।’

তিনি আরও বলেন, ‘আমাদের বেশিরভাগ প্রতিবেশী এখন বুঝতে পারছে যে, আজ ভারতের প্রবৃদ্ধি একটি উত্তোলনকারী জোয়ার। ভারত যদি বাড়ে, আমাদের সব প্রতিবেশীই আমাদের সঙ্গে বাড়বে। এই বার্তাটাই আমি বাংলাদেশকেও দিয়েছি। তারা এখন নির্বাচনের দিকে এগোচ্ছে। আমরা তাদের সেই নির্বাচনের জন্য শুভকামনা জানাই এবং আশা করি পরিস্থিতি স্বাভাবিক হলে এই অঞ্চলে প্রতিবেশিতার বোধ আরও শক্তিশালী হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত