চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্য মুবিনুল ইসলাম নয়ন (২৮) ট্রাকের ধাক্কায় মারা গেছেন। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে ডিউটি শেষে থানায় ফেরার পথে নগরের কদমতলী আর্টমাচ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুবিনুল ইসলাম নয়ন কক্সবাজারের চকরিয়া উপজেলার কালা মিয়া সওদাগরের বাড়ির বুড়ি পুকুর গ্রামের বাসিন্দা। তিনি নুরুল আমিনের ছেলে। তিনি সিএমপিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ২টা ৪৫ মিনিটে দামপাড়া পুলিশ লাইন্সের রিজার্ভ ব্যারাক থেকে মোটরসাইকেলে করে কোতোয়ালি থানার উদ্দেশ্যে রওনা হন নয়ন। পথে কদমতলী আর্টমাচ মোড়ে পৌঁছালে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত একটি ময়লার ড্রাম ট্রাক পেছন দিক থেকে তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
