ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩১ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এতে চারটি আসনে মোট ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় চারটি আসনের মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ভোটার তালিকার ত্রুটি, যথাযথভাবে মনোনয়ন ফরম পূরণ না করা এবং হলফনামার কাগজপত্রে অসঙ্গতির কারণে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন মৌলভীবাজার-২ আসনে এম জিমিউর রহমান চৌধুরী (স্বতন্ত্র), মৌলভীবাজার-৩ আসনে রেজিনা নাসের (স্বতন্ত্র) ও মো. ইলিয়াছ হোসেন (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ) এবং মৌলভীবাজার-৪ আসনে মুঈদ আশিক চিশতী (স্বতন্ত্র) ও বিএনপির অপর প্রার্থী জালাল উদ্দিন আহমদ জিপু।
