ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার ৪টি সংসদীয় আসনে ৩৩ প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এর ফলে জেলার চারটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২৭ জনে।
রবিবার (৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর আনুষ্ঠানিকভাবে এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। বাতিল হওয়াদের অধিকাংশই ছিলেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী।
মনোনয়নপত্র বাতিল ঘোষণার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনামায় সংযুক্ত এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরে ত্রুটি থাকায় এসব মনোনয়ন বাতিল করা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া বাছাইয়ে কুষ্টিয়া-১ (দৌলতপুর), কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
এছাড়া কুষ্টিয়া-৩ আসনে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছেন কুষ্টিয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান ও জাতীয় সমাজতান্ত্রিক দলের-জেএসডি গিয়াস উদ্দিন। কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক। কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী, উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার ও বাংলাদেশ সুপ্রীম পার্টির (বি.এস.পি) খাইরুল ইসলাম।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, কুষ্টিয়ার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের ত্রুটি ছিল। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।
