দেশের প্রাণিস্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্ভাবন, বিনিয়োগ এবং টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে তিনদিনব্যাপী (আন্তর্জাতিক প্রদর্শনী) ষষ্ঠ আহকাব ইন্টারন্যাশনাল এক্সপো আগামী বৃহস্পতিবার শুরু হবে। প্রাণিসম্পদ খাতুসংশ্লিষ্ট পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের সংগঠন অ্যানিমেল হেলথ কোম্পানিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আহকাব) উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘সুস্থ প্রাণী, সমৃদ্ধ জাতি’ এই প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী এক্সপোটি ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত রাজধানীর কুড়িলে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আহকাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে আহকাব।
প্রদর্শনীতে দেশি ও বিদেশি শীর্ষ কোম্পানির আধুনিক পণ্য, ভ্যাকসিন, ওষুধ, ফিড সলিউশন, ডায়াগনস্টিকস ও সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শিত হবে। এ ছাড়া প্রাণিস্বাস্থ্য, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক বাণিজ্য বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে জ্ঞানভিত্তিক আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হবে। আয়োজকরা আশা করছেন, মেলাটি কৃষক, ভেটেরিনারিয়ান, অ্যাগ্রিবিজনেস খাতের নেতা এবং নীতিনির্ধারকদের মধ্যে সংযোগ ও সহযোগিতার একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।
