সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে বাঁধের কাজে গাফিলতির অভিযোগ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম

সুনামগঞ্জের বিভিন্ন হাওরে বাঁধ নির্মাণ কাজে গাফিলতির অভিযোগ তুলে হাওর বাঁচাও আন্দোলন সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক বিজন সেন রায় লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, সুনামগঞ্জ জেলার মানুষের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন হলো বোরো ফসল। সরকারের বরাদ্দ থাকা সত্ত্বেও পিআইসি গঠন ও বাঁধের কাজ যথাসময়ে শুরু না হওয়ায় ধান রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। 

তিনি জানান, ৩০ নভেম্বর পিআইসি গঠন এবং ১৫ ডিসেম্বর বাঁধের কাজ উদ্বোধন করা হলেও ২০ দিন পেরিয়ে গেলেও বিভিন্ন উপজেলায় পিআইসি পুরোপুরি গঠিত হয়নি এবং ওয়ার্ক অর্ডার দিতে বিলম্ব হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এডভোকেট স্বপন কুমার দাস রায়, উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট খলিল রহমান, কুদরত পাশা, দপ্তর সম্পাদক আনোয়ারুল হক, সদস্য ইসমাইল মিয়া এবং জেলা কমিটির সহ-সভাপতি আলী নুর। 

এছাড়া সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস এবং নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি মো. বুরহান উদ্দিন বক্তব্য রাখেন।

বিজন সেন রায় বলেন, ‘দিরাই, শাল্লা, ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর ও শান্তিগঞ্জসহ বিভিন্ন উপজেলায় পিআইসি গঠনের বিলম্ব ও সিন্ডিকেটের কারণে বাঁধের কাজ এখনও শুরু হয়নি। অল্প বৃষ্টিতেই অকাল বন্যায় কৃষকদের সোনালী ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা সহকারী প্রকৌশলী যারা পিআইসি গঠনে অনিয়ম করছেন, তাদের এই লুকোচুরি বন্ধ করে দ্রুত বাঁধের কাজ সময়মতো শুরু করার আহ্বান জানাচ্ছি।’

সংগঠন নেতারা সরকার ও প্রশাসনের কাছে দাবি জানান, হাওরের বাঁধের কাজ দ্রুত বাস্তবায়ন করে নির্ধারিত ২৮ ফেব্রুয়ারি সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে, যাতে কৃষকের ফসল রক্ষা করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত