দেশ রূপান্তরের পটুয়াখালী প্রতিনিধির দাফন সম্পন্ন

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১২:০৮ এএম

সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন দেশ রূপান্তরের পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদুুল ইসলাম রিপন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কলাপাড়া পৌরশহরের এতিমখানা কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। দেশ রূপান্তরের বিভিন্ন উপজেলার প্রতিনিধিরাও এতে অংশ নেন। জানাজা শেষে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলাপাড়া প্রেস ক্লাব, পটুয়াখালী জেলা প্রেস ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম ও মহিপুর প্রেস ক্লাবের সদস্যরা। জাহিদুুল ইসলাম রিপন মহিপুর প্রেস ক্লাবের সভাপতি, এটিএন বাংলা ও এটিএন নিউজেরও প্রতিনিধি ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি রাতে কলাপাড়ায় নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জাহিদুুল ইসলাম রিপনকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত