বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। গতকাল শুক্রবার বিকেলে গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
জানা গেছে, সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
পাকিস্তান হাইকমিশনারের পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকার জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ ও অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল। এর আগে গত ৭ জানুয়ারি চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।
খালেদা জিয়ার শোকবইয়ে স্বাক্ষর করলেন জুবাইদা রহমান : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং মিলাদ মাহফিল করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। পরে তিনি খালেদা জিয়ার জন্য খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন। গতকাল সন্ধ্যায় এই দোয়ার আয়োজন করা হয়। এ সময় ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন।
