ডিভি লটারি ভিসা ইস্যু স্থগিত করল যুক্তরাষ্ট্র

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১১:০৪ এএম

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) ইস্যু করা সাময়িকভাবে স্থগিত করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ডিভি লটারির আওতায় নতুন করে কোনো ভিসা ইস্যু করা হবে না।

স্টেট ডিপার্টমেন্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিচালনা এবং এমআইটির এক অধ্যাপক হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন ব্যক্তি এই ডিভি প্রোগ্রামের মাধ্যমেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই ডিভি প্রোগ্রামের স্ক্রিনিং ও যাচাই-বাছাই পদ্ধতি পুনরায় পর্যালোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়, ভিসা আবেদনকারীদের পরিচয় নিশ্চিত করা এবং তারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কি না, তা কঠোরভাবে যাচাই করতেই এই বিরতি। আমরা চাই না ডিভি প্রোগ্রামের কোনো দুর্বলতার সুযোগ নিয়ে অনিরাপদ ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশ করুক।

তবে যারা ইতিমধ্যে ডিভি ভিসার জন্য আবেদন করেছেন বা যাদের ভিসা ইন্টারভিউয়ের তারিখ নির্ধারিত আছে, তাদের প্রক্রিয়া আগের মতোই চলবে। আবেদনকারীরা নির্ধারিত সময়ে ইন্টারভিউ দিতে পারবেন। কিন্তু ইন্টারভিউ সফল হলেও নতুন নির্দেশনা না আসা পর্যন্ত কাউকে ভিসা দেয়া হবে না। অর্থাৎ, এখন নতুন করে কোনো ভিসা ইস্যু হচ্ছে না।

যাদের ইতিমধ্যে বৈধ ডিভি ভিসা রয়েছে, তাদের জন্য এই স্থগিতাদেশ কোনো সমস্যা তৈরি করবে না। এতে কোনো বৈধ ভিসা বাতিল বা প্রত্যাহার করা হচ্ছে না। এছাড়া ডিভি-২০২৭ লটারি সংক্রান্ত কোনো নতুন তথ্যও এখনো দেয়া হয়নি।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি পুনর্বিবেচনা এবং পুরো প্রক্রিয়া সংস্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এ সংক্রান্ত কোনো ব্যতিক্রম হবে না বলে কঠোর ভাষায় তারা জানিয়ে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত