নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক প্রবাসীর খামার থেকে চারটি গরু লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাত দল। খামারের পাশের আম্বর পাল্প অ্যান্ড পেপার মিলের নিরাপত্তা প্রহরীদের কুপিয়ে ট্রাকে করে গরুগুলো নিয়ে গেছে তারা। গতকাল শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খামার মালিক আরিফ হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক।
আম্বর পেপার মিলের নিরাপত্তা প্রহরী রেজাউল করিম বলেন, ‘আট সদস্যের সশস্ত্র একদল ডাকাত খামারটিতে হানা দেয়। ডাকাতরা প্রথমে আমাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা খামার থেকে চারটি গরু লুট করে ট্রাক দিয়ে নিয়ে যায়।’ একই কথা বলেন আরেক নিরাপত্তা প্রহরী আবু বকর।
খামার মালিক আরিফ হোসেন বলেন, ‘প্রবাস থেকে ফিরে এসে আমি মুদি দোকান দিয়েছিলাম। পরে স্বাবলম্বী হওয়ার আশায় চার বছর আগে থেকে গরুর খামার পরিচালনা করে আসছি। সারা বছর গরু লালন-পালন করে ঈদুল আজহার সময় বিক্রি করি। লুট করে নিয়ে যাওয়া চারটি গরুর মূল্য ৭-৮ লাখ টাকা হবে। গরুগুলো লুট হওয়ায় আমি সর্বস্বান্ত হয়ে গেছি।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক বলেন, ‘গরু লুটের ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গরুগুলো উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
