পরিবারসহ খায়রুজ্জামান লিটনের ৪১ ব্যাংক হিসাব অররুদ্ধ

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০২:২১ পিএম

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার এবং দুই মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৪১টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

রবিবার (১১ জানুয়ারি) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিআইডির পক্ষে ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড অর্গানাইজড বিভাগের ইন্সপেক্টর মোহাম্মদ কামরুজ্জামান এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, খায়রুজ্জামামান লিটন ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন, সংঘবদ্ধ অপরাধ ও অর্থপাচারের অভিযোগ রয়েছে। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।

আবেদনে আরও বলা হয়, এ এইচ এম খায়রুজ্জামান লিটন তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে অপরাধলব্ধ অর্থ স্থানান্তর, সম্পদ অর্জন এবং ভোগবিলাসে ব্যবহার করেছেন-এমন প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার অনুসন্ধান কার্যক্রম চলছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এবং অর্থ পাচার ও স্থানান্তর ঠেকাতে হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত ৪১টি হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত