সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া এলাকায় তার নিজ বাসভবনে শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক শরীফুল ইসলাম ইন্নার বাড়ির সামনে এসে পরপর দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বোমার বিস্ফোরণে বাড়িতে আগুন ধরে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও পুরো পরিবার চরম আতঙ্কের মধ্যে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত বা দগ্ধ হয়নি।
এ বিষয়ে সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না বলেন, দীর্ঘদিন ধরে ভাঙ্গাবাড়ি ও সর্দারপাড়ার মধ্যে মারামারি চলে আসছে। গতকাল থানায় বসে বিষয়টি মীমাংসা করা হয়েছিল। আমার বাসা দুই এলাকার মাঝামাঝি বা বর্ডার এলাকায়। ওদের মূল লক্ষ্য ছিল আমার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ও জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
