পাবনার কারাবন্দি সংগীতশিল্পী আ. লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যুতে শোকের ছায়া

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও খ্যাত নামা সংগীতশিল্পী প্রলয় চাকী মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সোয়া ৯টায় তার মৃত্যু হয় বলে পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক জানিয়েছেন।

সংগীতশিল্পীর পরিবারের অভিযোগ, কারা কর্তৃপক্ষের ‘অবহেলা’ ও ‘বিনা চিকিৎসায়’ তার মৃত্যু হয়েছে। প্রলয় চাকীর ছেলে সানী চাকীর অভিযোগ, হার্ট অ্যাটাকের রোগী হওয়া সত্ত্বেও বাবাকে সিসিইউতে না রেখে প্রিজন সেলে রাখা হয়েছিল। সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ায় তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যদের অভিযোগ, অসুস্থতার বিষয়ে পরিবারকে কিছু জানায়নি কারা কর্তৃপক্ষ। অবহেলায় তার মৃত্যু হয়েছে।

প্রলয় চাকীর পরিবারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেল সুপার ওমর ফারুক বলেন, এ ধরনের কোনো বিষয় নেই। উনি আগে থেকে অসুস্থ ছিলেন। তিনি আরও বলেন, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন প্রলয় চাকী। গত শুক্রবার সকালে স্ট্রোক করার পর তাকে প্রথমে পাবনা ও পরে রাজশাহীতে স্থানান্তর করা হয়।

এদিকে, সাংস্কৃতিক সংগঠক প্রলয় চাকীর মৃত্যুতে পাবনার সামাজিক সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশবরেন্য শিল্পীরাও। মৃত্যুর খবর পেয়ে প্রলয় চাকীর পাবনার বাড়ীতে ছুটে যান জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও পাবনা ৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স
এসোসিয়েশনের মহাসচিব আবুল এহসান খান রেয়ন, পাবনা মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন সভাপতি মাহবুবুল আলম লিটনসহ শিল্পী শুভানুধ্যায়ীরা। 

শোক বিবৃতি দিয়ে সমবেদনা জানিয়েছেন পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম। প্রলয় চাকীর ছোট ভাই মলয় চাকী জানিয়েছেন, তার ভাইয়ের মৃত্যুতে সংগীতশিল্পী তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, দিনাত জাহান মুন্নী, পার্থ মজুমদার, বাপ্পা মজুমদার ও কবির বকুলসহ অন্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

প্রলয় চাকী নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ছিলেন। তার মৃত্যুতে পাবনার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পাবনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক ভাস্কর চৌধুরী বলেন, 'রাজনৈতিক পরিচয়ের বাইরে প্রলয় চাকী ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক কর্মী ও শিল্পী। তিনি এভাবে মারা যাবেন সেটা আমরা মেনে নিতে পারছি না।'

সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ।

গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে অপারেশন ডেভিল হান্টে প্রলয় চাকীকে আটক করে ডিবি পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত