'নির্লজ্জ, অবৈধ ও অনৈতিক': যুক্তরাষ্ট্রকে তীব্র আক্রমণ উত্তর কোরিয়ার

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম

জাতিসংঘকে দুর্বল করার চেষ্টা এবং বহুপাক্ষিক ব্যবস্থাকে নিজেদের স্বার্থে অপব্যবহারের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। সোমবার (১২ জানুয়ারি) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-তে প্রকাশিত এক বিবৃতিতে নিউইয়র্কে অবস্থিত উত্তর কোরিয়ার জাতিসংঘ মিশন যুক্তরাষ্ট্রকে 'নির্লজ্জ' আখ্যা দেয় এবং জাতিসংঘকে উপহাস করার মতো 'অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে' জড়িত থাকার অভিযোগ তোলে। 

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে একটি ব্রিফিং আয়োজনের উদ্যোগ নিচ্ছে—এমন প্রতিবেদনের প্রেক্ষাপটেই এই প্রতিক্রিয়া জানানো হয়। এএফপি সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-তে প্রকাশিত এক বিবৃতিতে নিউইয়র্কে অবস্থিত উত্তর কোরিয়ার জাতিসংঘ মিশন তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে সম্ভাব্য একটি ব্রিফিং আয়োজনের পরিকল্পনার তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি হিসেবে প্রশ্নবিদ্ধ হওয়া এবং প্রকাশ্যে আলোচিত হওয়া উচিত, তা হলো যুক্তরাষ্ট্রের তথাকথিত 'ঘৃণ্য অপরাধমূলক কর্মকাণ্ড'। এতে আরও দাবি করা হয়, 'যুক্তরাষ্ট্র জাতিসংঘের অস্তিত্বকেই অবজ্ঞা করে।'

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬৬টি আন্তর্জাতিক ও জাতিসংঘ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য আসে।  উল্লেখ্য, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে উত্তর কোরিয়া বর্তমানে একাধিক জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত