ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে একটি বন্য হাতির আক্রমণে গত ৯ দিনে অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ওয়েস্ট সিংভূম জেলার চাইবাসা ও কোলহান বনাঞ্চলে ১-৯ জানুয়ারির মধ্যে এই এসব মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় কর্র্তৃপক্ষ জানিয়েছে, হাতিটি এখনো ধরা পড়েনি। বন্যহাতিটিকে ধরতে শতাধিক বনকর্মীকে নিয়ে বিস্তৃত অনুসন্ধান অভিযান চলছে। বিভাগীয় বন কর্মকর্তা কুলদীপ মীনা বলেন, এটি নজিরবিহীন এক পরিস্থিতি। এবারই প্রথম এ অঞ্চলে একটি পুরুষ হাতির সঙ্গে এতজনের মৃত্যুর সংশ্লিষ্টতা মিলল। আর যেন জানমালের ক্ষতি না হয় তা নিশ্চিতে পুরো এলাকা জুড়ে ‘উচ্চ সতর্কাবস্থা’ জারি করা হয়েছে বলেও জানান তিনি।
ভারতে মানুষ-হাতি সংঘাতের খবর অনেক বছর ধরেই পাওয়া যাচ্ছে। এর পেছনে বনভূমি হ্রাস, হাতির আবাসস্থল কমে আসা ও হাতির চলাচলের পথে মানুষের ক্রমবর্ধমান কাজকর্মকে গবেষক ও কর্মকর্তারা দায়ী করছেন বলে জানিয়েছে বিবিসি।
