বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের পোশাক শিল্পপরিবার শ্রদ্ধাভরে সবসময় স্মরণে রাখবে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বিশেষ শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা আবেগঘন বক্তব্যে এমন কথা বলেন। গতকাল সোমবার উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটরিয়ামে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান।
সভায় বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর ভিত্তি করে একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ভিডিওতে দেশের অর্থনীতি, গণতন্ত্র পুনরুদ্ধার, নারীর ক্ষমতায়ন এবং বিশেষ করে পোশাকশিল্পের প্রসারে তার গৃহীত যুগান্তকারী পদক্ষেপসমূহ তুলে ধরা হয়। সভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
শোকসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক মো. হাসিব উদ্দিন, পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক নাফিস- উদ- দৌলা, পরিচালক সুমাইয়া ইসলাম, পরিচালক ফাহিমা আক্তার, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক এ.বি.এম. সামছুদ্দিন, পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী, পরিচালক মোহাম্মদ সোহেল, পরিচালক সামিহা আজিম, সাধারণ সদস্য এবং পোশাক খাতের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজিএমইএর পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী। শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিজিএমইএর প্রাক্তন সভাপতি কাজী মনিরুজ্জামান এবং বিজিএমইএর পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী । তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও দীর্ঘ পথচলায় দেশনেত্রী খালেদা জিয়ার অসামান্য ও আপসহীন অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
