নির্বাচনে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় ময়মনসিংহ সার্কিট হাউসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালায় ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজ, দেশ ও বিশ্বের নানা প্রান্তের মানুষ গণমাধ্যমের মাধ্যমেই তথ্য পেয়ে থাকে। তাই মানসম্মত, নৈতিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব।’
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকার পরিষদের নির্বাচনগুলোতে সাংবাদিকরা যেন নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে পারেন, সে লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, সাংবাদিকতা একটি অত্যন্ত দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা। একটি সংবাদ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরেও প্রভাব ফেলতে পারে। তাই আসন্ন নির্বাচনে সততা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীরা আকরাম উদ্দীন আহম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ মো. শহিদুল ইসলামসহ ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কর্মশালায় ময়মনসিংহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
