আরও ৩ দিনের রিমান্ডে দীপ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৬ এএম

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামির চার দিনের রিমান্ড শেষে ফের ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত জামিনের আবেদন নাকচ করে দিয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিকভাবে তদন্তে হত্যাকা-ের সঙ্গে সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ সরাসরি জড়িত বলে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মূল রহস্য উদঘাটনসহ হত্যাকান্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করার জন্য সাত দিনের রিমান্ড প্রয়োজন।

দীপকে ২৯ অক্টোবর রাতে মোহাম্মদপুর থেকে পিবিআই গ্রেপ্তার করে। ৩০ অক্টোবর রাতে তাহসিফের বাবা মামলা করার পর দীপকে গ্রেপ্তার দেখানো হয় এবং ৩১ অক্টোবর দীপকে চার দিনের রিমান্ডে নেয় নৌ-পুলিশ। ২৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ‘দীপের ডাকে’ তাহসিফ বাসার নিচে নামেন এবং নিজের বাইক নিয়ে বাসা থেকে বের হন। দীপের দেওয়া তথ্যে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের বাইকটি উদ্ধার করা হয়।

‘মাদক স্পট’ হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা স্বীকারও করেন দীপ। এছাড়াও তাহসিফের বান্ধবী জেরিকা তাহসিন দিশা এই মামলায় চার দিনের রিমান্ডে আছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় থাকা তাহসিফের ভাসমান লাশ ২৮ অক্টোবর বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ-পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত