নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে প্রকাশ্যে অবৈধ অস্ত্র দিয়ে গুলি করে আলোচিত হওয়া সেই সন্ত্রাসী সোহাগকে ১০ মাস পর গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গতকাল মঙ্গলবার ভোরে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকা থেকে ২ সহযোগীসহ মাদক সেবনের আসর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক। তাদের তিনজনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সোহাগের ২ সহযোগী হলেন, আব্দুল জলিল ও পারভেজ।
জানা গেছে, আদমজী ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের ৬ মার্চ বিএনপি নেতা মনির হোসেন, রুহুল আমিন গ্রুপ ও ছাত্রদল নেতা রাকিবুর রহমান সাগর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে সোহাগ রাকিবুর রহমান সাগরের পক্ষ হয়ে প্রতিপক্ষের ওপর প্রকাশ্যে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি করেন। তার এ গুলি করার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
