প্রায় ১০ বছর আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়েছে। ১৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আদালত। গতকাল মঙ্গলবার এ প্রতিবেদন দাখিলের ধার্য দিনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রতিবেদন না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন করে এদিন ধার্য করেন। দেশ-বিদেশে আলোচিত এ মামলায় এ নিয়ে ৯২ বারের মতো প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির ঘটনা ঘটে।
রিজার্ভ চুরির পর এখন পর্যন্ত বাংলাদেশ আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার উদ্ধার করেছে। ২০২২ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক ৬৬ মিলিয়ন ডলার চুরি হওয়া তহবিল উদ্ধারের জন্য মার্কিন আদালতে রিজাল ব্যাংকের বিরুদ্ধে মামলা করে। অন্যদিকে ২০২৩ সালের ২ মার্চ নিউ ইয়র্ক সুপ্রিম কোর্ট ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের করা মামলাটি এগিয়ে নেওয়ার অনুমতি দিলেও আরসিবিসির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ খারিজ করে দেয়।
