যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:১৬ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবুল হাওলাদার সাগর (৪৫) নামে এক রিকশাচালক। বুধবার (১৪ জানুয়ারি) ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

আজ ভোর সোয়া ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সাগরের বাড়ি নারায়ণগঞ্জের মদনপুর এলাকায়। তাঁর বাবার নাম আজিজ হাওলাদার। জীবিকার তাগিদে তিনি যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় বসবাস করতেন।

তার রিকশার যাত্রী মো. নয়ন সরকার জানান, ভোরে সাগরের অটোরিকশায় করে তিনি যাত্রাবাড়ী গিয়েছিলেন মালামাল নিয়ে। এরপর ওই রিকশাতেই আবার ফিরছিলেন। কাজলা টোলপ্লাজা বরাবর রাস্তায় এসে অটোরিকশাটি নষ্ট হয়ে গেলে রিকশাটি টেনে নিয়ে যাচ্ছিলেন চালক। আর রিকশার পেছনে পেছনে হাটছিলেন নয়ন। তখনই পিছনে একটি কাভার্ড ভ্যান একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে রিকশাচালক সাগরের উপর দিয়ে উঠিয়ে দেয়। সঙ্গে সঙ্গে কাভার্ড ভ্যান নিয়ে পালিয়ে যায় সেটির চালক। তখন নয়ন নিজেই রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

সাগর এক ছেলে ও এক মেয়ের জনক। তাঁর স্ত্রী বিউটি আক্তার জানান, অটোরিকশাটি সাগরের নিজের। ভোর পৌনে ৫টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এর আধা ঘণ্টা পরই তিনি সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন বলে খবর পান তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত