লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিরল প্রজাতির তিনটি অসুস্থ শকুন উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার হওয়া প্রতিটি শকুনের ওজন প্রায় ৫ থেকে ৭ কেজি।
গতকাল বুধবার সকালে উপজেলার জগতবের ও ব্যাংককান্দা এলাকার ভুট্টাক্ষেত থেকে শকুন তিনটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ভুট্টাক্ষেতে একটি বিশাল আকৃতির শকুন পড়ে থাকতে দেখেন তারা। উড়তে না পারায় শকুনটি ধরে স্থানীয়রা নিরাপদে রাখেন এবং বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা গিয়ে জগতবের ও ব্যাংককান্দা এলাকা থেকে একে একে তিনটি অসুস্থ শকুন উদ্ধার করেন।
পাটগ্রাম উপজেলা বন কর্মকর্তা রেজাউল করিম জানান, উদ্ধার হওয়া শকুন তিনটিকে দিনাজপুর শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠানো হবে।
