সাভারের বাইপাইলের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫-২৬-এর সমাপনী কুচকাওয়াজ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান বিএনসিসিতে কর্মরত সশস্ত্র বাহিনীর অফিসার, বিএনসিসি অফিসার, প্রফেসর আন্ডার অফিসার, টিচার আন্ডার অফিসার ও বিএনসিসি ক্যাডেটদের মধ্যে স্বাগত ভাষণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা ও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব; জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়; বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক; সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা; বিএনসিসির অফিসার ও ক্যাডেটরা এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
