গাজায় 'বোর্ড অব পিস' গঠনের ঘোষণা ট্রাম্পের

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম

গাজায় যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সমর্থিত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি নিজেই এই বোর্ডের চেয়ারম্যান থাকবেন। বোর্ডটিকে তিনি 'এখন পর্যন্ত গঠিত সবচেয়ে মহান ও মর্যাদাপূর্ণ' বলে উল্লেখ করেন এবং শিগগিরই সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে জানান।

এই বোর্ডের তত্ত্বাবধানে কাজ করবে সদ্য গঠিত ১৫ সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটি, যা যুদ্ধ-পরবর্তী সময়ে গাজার দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। পরিকল্পনার আওতায় গাজার নিরাপত্তা নিশ্চিত করতে এবং যাচাই-বাছাই করা ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দিতে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথাও রয়েছে।

গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি কাঠামোর ফলে হামাসের হাতে আটক সব জিম্মির মুক্তি এবং ইসরায়েল-হামাসের মধ্যে লড়াই বন্ধ হয়। তবে দ্বিতীয় ধাপের বাস্তবায়ন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ ত্রাণ সংকট ও সহিংসতার অভিযোগ অব্যাহত রয়েছে। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪৫১ জন নিহত হয়েছেন।

এখনও অমীমাংসিত প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ। নিরস্ত্রীকরণ ইসরায়েলের জন্য একটি অ-আলোচনাযোগ্য শর্ত হলেও হামাস এ বিষয়ে প্রকাশ্যে প্রতিশ্রুতি দেয়নি। যুক্তরাষ্ট্র বলেছে, চুক্তির আওতায় হামাসকে অবশ্যই তার সব দায়িত্ব পূর্ণভাবে পালন করতে হবে।

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র মিসর, তুরস্ক ও কাতারের সহযোগিতায় হামাসের সঙ্গে একটি পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ চুক্তি নিশ্চিত করতে চায়, যার মধ্যে সব অস্ত্র সমর্পণ এবং সব সুড়ঙ্গ ধ্বংসের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। যুদ্ধের সময় বড় ধরনের ক্ষতির পর নিজেদের নেতৃত্ব পুনর্গঠনের লক্ষ্যে হামাস ২০২৬ সালের শুরুতে অভ্যন্তরীণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত