পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানটারী এলাকায় আয়োজিত এক সুধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বড় ভাই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-কালীগঞ্জ আসনের বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হবি, যোগদানকারী ব্যবসায়ী খাইরুল ইসলাম, যুবলীগ সভাপতি সিরাজুল হক, ওয়ার্ড লীগ সভাপতি আওয়াদ আলী, লীগ সমর্থিত সাবেক ইউপি সদস্য আফসার আলী, নারায়ণ চন্দ্র, মকবুল হোসেন, ওয়ার্ড সভাপতি সফিউল্লাহ, সহ-সভাপতি নুর ইসলাম, সাবেক ইউপি সদস্য প্রাণকেন্দ্র রায় ও ইউপি সদস্য আনিছুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক হাসানুল হক বান্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, এক সময় আমরা একই দলে রাজনীতি করেছি। কিছু ভুল বোঝাবুঝির কারণে অনেকেই দূরে সরে গিয়েছিলেন। আজ আপনাদের এই যোগদানে বিএনপি আরও শক্তিশালী হলো। বিএনপিতে কোনও সিনিয়র-জুনিয়র ভেদাভেদ নেই, যোগ্যতার ভিত্তিতেই সবাই এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের রায় পেলে এলাকার অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত