শ্রমজীবীদের কর্মসংস্থান, আইনি সুরক্ষা, জীবন বিকাশ উপযোগী মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের দিকনির্দেশনা নির্বাচনে অংশগ্রহণকারীদের ইশতেহারে রাখার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতারা।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সব বিষয়ে কার্যকর পদক্ষেপ প্রহণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক সমাবেশ ও শহরে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শ্রমিকনেতা আহসান হাবিব বুলবুল।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক এস এম কাদির ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সহসভাপতি হাসনাত কবীর ।
