সিলেট নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী দুই তরুণ নিহত হয়েছে। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে সিলেট নগরীর তালতলা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মঈনুল জাকির।
নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার রহমতপুর নোয়াগাঁওয়ের দীপ্ত দাস (১৮) ও ছাতকের মংগলারগাঁও গ্রামের ইমন দাস (১৮)। তারা পরিবারের সঙ্গে সিলেট নগরীর তালতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দীপ্ত সিলেটের ইউনিভার্সাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ইমন দাস সিলেট মদনমোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, রাত দেড়টার দিকে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে দুই তরুণ গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ওসি মঈনুল জাকির জানান, নিহতদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দুর্ঘটনার কারণ ও সংঘর্ষের ধরণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশ কাজ করছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
