প্রশিক্ষণের সময় গুলিবিদ্ধ পুলিশ সদস্য

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম

টাঙ্গাইল মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের সময় গুলিতে মাসুম (১৯) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। আজ সোমবার (১৯ জানয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ হেডকোয়ার্টারের হেলথ ওয়েলফেয়ার এন্ড পেনশন শাখার উপপরিদর্শক (এসআই) তৌফিক উজ্জামান জানান, পুলিশে যোগদানের পর ট্রেনিংয়ে ছিলেন মাসুম। সোমবার সকালে অস্ত্র চালানোর প্রশিক্ষণের সময় তিনি গুলিবিদ্ধ হন।

এ ঘটনার পর প্রথমে মাসুমকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর দেখে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ট্রেনিং সেন্টারে সোমবার সকালে অস্ত্র চালানো প্রশিক্ষণের সময় অন্য এক প্রশিক্ষনার্থীর চায়না রাইফেলের গুলি মিস ফায়ার হয়ে তার পিঠে বিদ্ধ হয়। গুলিটি বুকের পাশ দিয়ে বেরিয়ে যায়। এতে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত