মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, কোনো স্বৈরাচার যেন গুম-হত্যা না করতে পারে এ জন্যই হ্যাঁ-না ভোট।
তিনি বলেন, যাতে আগের মতো আর কোন স্বৈরাচারী সরকার মানুষকে গুম, হত্যা, হেনস্ত না করতে পারে এজন্যই হ্যাঁ-না ভোট। আর সংস্কারের অংশ হিসেবে হ্যাঁ-না ভোটটা এ সরকারের অপরিহার্য হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন প্রস্তুতি জোরদারে জেলায় কর্মরত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় সংস্কার প্রসঙ্গে ফারুক ই আজম বলেন, সংস্কারের জন্য এ সরকার এসেছে। আর এই সংস্কার এ সরকারের একটা ম্যান্ডেট।
মতবিনিময় সভায় আসছে সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সাধারণ মানুষের মাঝে গণভোটের সচেতনতা বাড়াতে প্রশাসনিক সমন্বয় আরও জোরদার করতে নানা দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন আল মামুন, তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা, জেলা কৃষি কর্মকর্তা সাদিকুল ইসলাম ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা।
