২০২৬ হতে চলেছে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম

কানাডার পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সাল বিশ্ব ইতিহাসের চারটি সর্বোচ্চ উষ্ণ বছরের একটি হতে যাচ্ছে। দেশটির জলবায়ু বিষয়ক ওয়েবসাইট ক্লাইমেটডাটা.সিএ (ClimateData.ca)-তে প্রকাশিত এক বিশ্লেষণে বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন।

বিশ্লেষণে বলা হয়েছে, চলতি দশকের মাঝামাঝি সময়ে রেকর্ডভাঙা উষ্ণ বছরগুলোর তালিকায় ২০২৬ সালের নাম যুক্ত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। শিল্পবিপ্লব-পূর্ব সময়কাল (১৮৫০-১৯০০) এর তুলনায় ২০২৬ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা ১.৩৫ থেকে ১.৫৩ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। আশঙ্কাজনক হলেও সত্যি যে, প্রায় ১২ শতাংশ সম্ভাবনা রয়েছে এই উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের গুরুত্বপূর্ণ সীমা ছাড়িয়ে যাওয়ার।

বিজ্ঞানীদের মতে, জীবাশ্ম জ্বালানি (কয়লা, তেল ও গ্যাস) পোড়ানোর ফলে সৃষ্ট কার্বন নিঃসরণই বৈশ্বিক উষ্ণায়নের মূল চালিকাশক্তি। তবে গত কয়েক বছরে তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধির পেছনে ২০২৩-২৪ সময়ে শক্তিশালী এল নিনোর ঘটনাকেও দায়ী করছেন তারা।

উল্লেখ্য, প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী, বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা এবং সর্বোচ্চ চেষ্টা করে ১.৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদিও কোনো একটি নির্দিষ্ট বছরে ১.৫ ডিগ্রি সীমা অতিক্রম করাকে সরাসরি চুক্তি লঙ্ঘন হিসেবে গণ্য করা হয় না, তবে বিজ্ঞানীরা এই ধারাবাহিক প্রবণতাকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে দেখছেন।

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেলে তাপপ্রবাহ, খরা, দাবানল, অতিবৃষ্টি ও বন্যার মতো জলবায়ু বিপর্যয়ের মাত্রা ও বিরূপ প্রভাব আরও বেড়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থার ওপর।

এনভায়রনমেন্ট কানাডার পূর্বাভাস বলছে, ২০২৬ সালে বৈশ্বিক তাপমাত্রা শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে, যা টানা ১৩তম বছর। একই ধরনের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান বার্কলে আর্থও।

এখন পর্যন্ত রেকর্ডে সর্বাধিক উষ্ণ বছর ছিল ২০২৪ সাল। এর পরের অবস্থানে অর্থাৎ দ্বিতীয় উষ্ণতম বছর ছিল ২০২৩ সাল। আর তৃতীয় উষ্ণতম বছর ২০২৫ সাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত