আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে আরাফাত রহমান কোকোকে কটুক্তি করার জেরে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতিতে প্রতিকার চেয়ে আমির হামজার শ্যালক আবু বক্কর একটি সাধারণ ডায়েরি করেছেন কুষ্টিয়া মডেল থানায়।
ডায়েরির বাদী আবু বক্কর ফোনে আলাপকালে বলেন, ‘অব্যাহত নানা ধরনের থ্রেটের কারণে আমির হামজা ইতোমধ্যে তার সকল ওয়াজ মাহফিলের প্রোগ্রাম স্থগিত করে দিয়েছেন। একদিকে প্রাণনাশের হুমকি অন্যদিকে মামলা। আবার দুইদিন পূর্বেই কয়েকশ মহিলা ভাড়া করে ঝাড়ু–মিছিল করানো হচ্ছে। আমাদের ধারণা কিছু মাদক কারবারিরা পানি ঘোলা করে ফায়দা নিতে চাইছে। এসব কারণে আমরা পরিবার পরিজন নিয়ে চরমভাবে আতঙ্কিত ও শংকিত। আমরা এর শান্তিপূর্ণ প্রতিকার চাই। কোন রাজনৈতিক প্রতিহিংসার জন্ম হোক সেটা চাই না’।
তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে আমির হামজাকে ফোন করলেও তিনি সাড়া দেননি।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, সোমবার রাত সাড়ে ১১টায় মুফতি আমির হামজাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমের বেশ কিছু সংখ্যক পোস্ট সংযুক্ত করে তার শ্যালক একটি সাধারণ ডায়েরি করেছেন (সাধারণ ডায়েরি নং ১২৪০, তাং ১৯/০১/২০২৬)। জিডিটির বিষয়ে আইনি পরামর্শ ও নির্দেশনা চেয়ে তা আদালতে পাঠানো করা হয়েছে। আদালতের নির্দেশনা পেলেই পুলিশ আইনি ব্যবস্থা নেবে।
