বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেমের ৩য় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় শহরের চাঁদাগাড়া ইদগাহ মাঠে নেতাকর্মী উপস্থিততে ২য় জানাজা এবং বেলা সাড়ে ১১ টায় মিরপুর উপজেলা ফুটবল মাঠে ৩য় জানাজা শেষে ওয়াপদা কবরস্থানে সাড়ে ১২টার দিকে দাফন করা হয়।
মৃত্যুকালে আবুল হাশেমের বয়স হয়েছিল ৫৫ বছর। তার স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। এর আগে গতকাল রাতে মরহুমের নিজ গ্রাম ভেড়ামারা উপজেলার গোলাপ নগরে ১ম জানাযা অনুষ্ঠিত হয়।
এসময় কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য এ কে এম আলী মহসিনের ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় কুষ্টিয়া জেলা জামায়াতের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ গ্রহন করে।
উল্লেখ্য কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আমির হামজা কর্তৃক বর্তমান বিএনপি চেয়ার পার্সনের প্রয়াত ছোট ভাই আরাফাত রহামন কোকো’কে নিয়ে কটুক্তির জেরে আমীর হামজাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে এমন অভিযোগ উঠায় কুষ্টিয়া জেলা জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। হুমকির প্রতিবাদে জেলা জামায়াতের উদ্যোগে বের হওয়া বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম স্ট্রোক হয়ে গতকাল বিকাল সাড়ে ৪ টায় মৃত্যু বরন করেন।
