বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকায় একটি অবৈধ কারখানায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে আনুমানিক ৫৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এ সময় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মাহমুদুল হাসান। এছাড়া বগুড়া জেলা পুলিশ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার বন্ধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকায় শাকিল আহমেদের মালিকানাধীন অবৈধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানকালে কারখানা থেকে বিপুল পরিমাণ ৫৪০ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। একই সঙ্গে কারখানার মালিক শাকিল আহমেদকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
