দিনের ভোট যেন রাতে না হয় সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী 

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম

গাজীপুর-১ আসনের বিএনপির প্রার্থী মজিবুর রহমান সংবাদ সম্মেলনে বলেছেন, আগে কখনো ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হতো না। কিন্তু ২০০৮ সালের নির্বাচন থেকে আগেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে গেছেন নির্বাচন সংশ্লিষ্টরা। তারা তখনকার সরকারের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে রাতেই ভোট দিয়ে দিতেন। কিন্তু সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আগেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর দরকার নাই। আমরা কেউ যেন কোন প্রার্থীর পক্ষে জাল ভোট দিতে না পারি। দিনের ভোট যেন রাতে না হয় সেই লক্ষ্যে নির্বাচন কমিশনারকে লিখিতভাবে জানিয়েছি। আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ট্রাকস্ট্যান্ড এলাকায় বিএনপির অস্থায়ী নির্বাচন কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্ম-পরিকল্পনার লিখিত বক্তব্য পাঠ করেন তার পক্ষে নির্বাচনী কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সভাপতি নুরুল ইসলাম সিকদার, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদসহ মহানগর জেলা- উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

সংবাদ সম্মেলনে ধানের শীষের এ প্রার্থী আরো বলেন, আমার নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছি। শুধু আমারই সারা দেশে নির্বাচনের প্রত্যেক প্রার্থীর নিরাপত্তার ক্ষেত্রে নির্বাচন কমিশনের গুরুত্ব দেওয়া উচিত।

উন্নয়নের নানা কর্ম-পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা দিয়েছিলেন। সাংবাদিকরা জাতির বিবেক। তারা সব সময় দেশ গড়ার জন্য সচ্চভাবে উন্নয়ন মূলক কর্মকাণ্ড জাতির সামনে তুলে ধরেন। এ সময় যে সব সংবাদ দেশের উন্নয়ন করবে সেগুলো গঠন মূলক আলোচনা করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান তিনি। এছাড়াও তিনি দলের চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে রাষ্ট্রকাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা করেছেন, সেসব দলের পক্ষ হতে দেশব্যাপী প্রচারণা চলানোর অনুরোধ জানান নেতাকর্মীদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত