লাইসেন্স ছাড়াই বিএসপিআই’র লোগো ব্যবহার করে প্রতারণার অপরাধে মুন্সীগঞ্জের সিরাজদীখানে পৃথক দুইটি বেকারির মালিককে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি।
এ সময় বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করেই পণ্যের মোড়কে বিএসটিআই লোগো বা মানচিহ্ন ব্যবহার করার অপরাধে নাবিল বেকারির মালিক রুহুল আমীন ও ‘কিংস মক্কা ফুড বেকারির মালিক মো. শিমুল শেখকে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন। অভিযানে বিএসটিআই নারায়ণগঞ্জ অফিসের ফিল্ড কর্মকর্তা মো. রেজানুর রহমান সরকার উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারি বলেন, লাইসেন্স ছাড়াই বিএসটিআই’র মানচিহ্ন বা লোগো ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। জনস্বার্থে এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
