দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য এম এ হান্নানকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তার প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় এম এ হান্নানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ২৭ ডিসেম্বর চাঁদপুর জেলা বিএনপি ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, ফরিদগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ উপজেলার সকল ইউনিয়ন বিএনপির কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে। ওই আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন এমএ হান্নান।
