ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক জেলেকে উদ্ধার

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:০০ এএম

বঙ্গোপসাগরে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক বাংলাদেশি জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলে আব্দুল মান্নান কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা। গত রবিবার ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে তাকে তুলে নেওয়া হয়। গতকাল শুক্রবার কোস্ট গার্ড মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১৩ জানুয়ারি কক্সবাজারের মহেশখালী থানাধীন ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশে সমুদ্রে গমন করে। পথিমধ্যে ১৮ জানুয়ারি সকাল ১০টায় বোটটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এ সময় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ কমলা দেবী বোটটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান বোট থেকে পানিতে পড়ে যান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে তাকে সমুদ্র থেকে উদ্ধার করে এবং মানবিক বিবেচনায় বাংলাদেশে ফেরত পাঠাতে বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে। সেই পরিপ্রেক্ষিতে, ওই মুহূর্তে সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মার মাধ্যমে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়। পরে বানৌজা পদ্মা জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় হস্তান্তর করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত